কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের
প্রতারিত করা এবং খাদ্যপণ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ব্যবসা
প্রতিষ্ঠানকে সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার
সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ের সহকারী
পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে কান্দিরপাড় এলাকার বিভিন্ন ফুচকার
দোকান, মিষ্টি ও কনফেকশনারি এবং শিশুখাদ্যের প্রতিষ্ঠানে এই তদারকি অভিযান
পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কান্দিরপাড়ের 'দ্য
প্রিমিয়াম স্ট্রিট ফুড বাই পিহু' নামক একটি প্রতিষ্ঠান "৯৯ টাকায় আনলিমিটেড
ফুচকা" দেওয়ার মিথ্যা বিজ্ঞাপন প্রচার করে আসছিল। সরেজমিনে খেতে এসে
সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছেন—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো
হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া
মিষ্টির মূল্য তালিকা না রাখা, বিদেশি পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য
(এমআরপি) উল্লেখ না থাকা এবং জন্মদিনের কেকে উৎপাদনের তারিখ ও মেয়াদ না
থাকার অপরাধে 'প্রিমিয়াম সুইটস'কে ২০ হাজার টাকা এবং 'পিপাসা কনফেকশনারি'কে
৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মো.
কাউছার মিয়া জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারা
অনুযায়ী ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের
অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নিরাপত্তা ও সার্বিক সহায়তায় ছিল
কুমিল্লা জেলা পুলিশের একটি টিম, জেলা স্যানিটেশন পরিদর্শক এবং ভোক্তা
অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা।
সুত্র: কালেক্টেড

